হিমালয়ঃ তুষারের রাজ্যে বাড়ছে সবুজের সীমানা, ফুটছে ফুল
এভারেস্ট শৃঙ্গ সহ হিমালয়ের খুব উঁচু জায়গায় গাছপালা জন্মাতে শুরু করেছে বলে দেখা যাচ্ছে এক গবেষণায়।
এভারেস্ট শৃঙ্গ সহ হিমালয়ের খুব উঁচু জায়গায় গাছপালা জন্মাতে শুরু করেছে বলে দেখা যাচ্ছে এক গবেষণায়।
গবেষকরা এমন সব জায়গায় গাছপালা জন্মাতে দেখছেন, যেসব জায়গায় এর আগে কখনো এমনটি ঘটতে দেখা যায়নি।
গবেষকদের একটি দল ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করেন। গাছপালার সীমা যেখানে শেষ এবং তুষারে ঢাকা এলাকা যেখান থেকে শুরু - এই দুইয়ের মধ্যবর্তী অঞ্চলটির অবস্থা তারা দেখতে চেয়েছেন। এই অঞ্চলটিকে 'সাবনিভাল অঞ্চল' বলে বর্ণনা করা হয়। এখানে মূলত ঘাস এবং নানা ধরণের ঝোপ-ঝাড় জন্মায়।
এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে 'জার্নাল অব গ্লোবাল চেঞ্জ বায়োলজি'তে।
গবেষক দলের প্রধান ড: কারেন অ্যান্ডারসন বলেন, হিমালয়ের পাঁচ হাজার মিটার হতে সাড়ে পাঁচ হাজার মিটার উচ্চতাতেই বেশি করে গাছপালা জন্মানোর এই প্রবণতা চোখে পড়ছে।
"এর চেয়ে উপরে যেখানে কিছুটা সমতল জায়গা আছে সেখানেও বেশি করে গাছপালা জন্মাচ্ছে, যা কীনা তার নীচের খাড়া জায়গাগুলোতেও চোখে পড়েনি।"
গবেষকরা মার্কিন মহাকাশ সংস্থা 'নাসা'র ল্যান্ডস্যাটেলাইটের তোলা ছবি ব্যবহার করেন। তারা ৪ হাজার ১৫০ মিটার হতে ৬ হাজার মিটার উচ্চতার মধ্যবর্তী হিমালয় অঞ্চলকে চারটি ভাগে ভাগ করেন। মিয়ানমার হতে পূর্ব আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত যে হিন্দুকুশ হিমালয় পর্বতমালা, তার বিভিন্ন জায়গায় এই গবেষণা চালানো হয়।
এভারেস্ট অঞ্চলে উচ্চতার চারটি ভাগেই দেখা গেছে, গাছপালা জন্মানোর হার অনেক বেড়ে গেছে।
হিমালয় অঞ্চলের হিমবাহ এবং পানির প্রবাহ নিয়ে কাজ করেন যেসব গবেষক, তারাও নিশ্চিত করেছেন যে সেখানে গাছপালা জন্মানোর হার বেড়েছে।
নেদারল্যাণ্ডসের ইউট্রেখট ইউনিভার্সিটির জিওসায়েন্সের অধ্যাপক ওয়াল্টার ইমারজিল বলেন, "আরও বেশি উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে যা ঘটবে বলে আশা করা হয়, এখানে তাই ঘটছে"।



