নাশতায় পরোটা-রুটির একঘেয়েমি কাটাতে ঘরেই বানাতে পারেন জাপানের জনপ্রিয় পদ ওকোনোমিয়াকি। দেখতে মোটা প্যানকেকের মতো, তবে স্বাদ একেবারে আলাদা। দেশের বাজারে পাওয়া উপকরণেই এর ঘরোয়া সংস্করণ তৈরি করা যায়। রেসিপিটি জাস্ট ওয়ান কুকবুকের বরাতে দিয়েছে আজকের পত্রিকার ফিচার ডেস্ক।
উপকরণ: কুচি করা বাঁধাকপি ৪ কাপ, ময়দা ১ কাপ, ডিম ৪টি, পানি বা চিকেন স্টক প্রায় ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ স্বাদমতো, সামান্য চিনি, কাঁচা মরিচকুচি ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ আর তেল। চাইলে পাতলা করে কাটা গরু বা মুরগির মাংস ২০০ থেকে ২৫০ গ্রাম। ওপরে দেওয়ার জন্য মেয়োনিজ, টমেটো বা ঝাল সস, কাঁচা পেঁয়াজকুচি ও ধনেপাতা।
প্রথমে বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার, লবণ ও চিনি মিশিয়ে অল্প অল্প করে পানি বা স্টক দিয়ে ঘন ব্যাটার করুন, খুব পাতলা যেন না হয়। এরপর ডিম, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা দিয়ে ভালোভাবে মেশান; চাইলে সামান্য গোলমরিচ বা মরিচগুঁড়া দিন।
সমতল তাওয়া হালকা আঁচে গরম করে সামান্য তেল দিন। মিশ্রণ ঢেলে গোল ও কিছুটা মোটা প্যানকেকের আকার দিন, ওপরে মাংস ছড়িয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। নিচটা শক্ত ও হালকা বাদামি হলে সাবধানে উল্টে অন্য পাশও ঢেকে রান্না করুন। ভেতরের বাঁধাকপি ও মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না দেখে নামিয়ে নিন।
গরম ওকোনোমিয়াকির ওপর টমেটো সস ও মেয়োনিজ দিয়ে নকশা করুন, তারপর কাঁচা পেঁয়াজকুচি ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
ছবি: Retinafunk / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: আজকের পত্রিকা




মন্তব্য
(০)