আখের অভাবে বন্ধ হয়ে গেল ঠাকুরগাঁও চিনিকল
এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটিকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে
এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটিকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে
আখের অভাবে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও সুগার মিলের উৎপাদন। ফলে চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না চিনিকলটি। এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটিকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।
চিনিকল সুত্রে জানা গেছে, এবার জেলা সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই শুরু হলেও নির্ধারিত দিনের দুই মাস আগেই সমাপ্তি টানতে হলো মিল কর্তৃপক্ষকে। মাত্র ৪২ দিনের কার্যক্রমেই সমাপ্ত হয় চলতি মৌসুমের আখ মাড়াই। চলতিমৌসুমে ৬৫ হাজার মেট্রিক টন আখ ও ৪৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলে। কিন্তু কার্যকালের ৪২ দিনে ৫৩ হাজার ৭শ ৩০ মে. টন আখ মাড়াই এবং ৩২০১ মেট্রিকটন টন চিনি উৎপাদন সম্ভব হয়েছে বলে জানা গেছে।
মিলের ডেপুটি প্রোডাকশন ম্যানেজার হাসানুজ্জামান বলেন, এবছর জেলার ১৪ হাজার একর জমিতে আখ চাষ হয়। তবে পর্যাপ্ত আখের অভাবে বন্ধ করতে হলো মিল।
মিলের মাড়াই কার্যক্রম সময়ের আগে শেষ হলেও এবার লোকসানের পরিমাণ অন্যান্য বারের তুলনায় কম। এছাড়াও এবছর আখচাষীরা সময়মতো আখের মূল্য পাওয়ায় আগামীবার আখ আবাদের পরিমাণও বৃদ্ধি করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত অর্থবছরের ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারের ৬২তম আখ মাড়াই মৌসুম শেষ হয়।



