ডিজেলের দাম বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সয় ট্রান্সপোর্টেশন কোয়ালিশনের (এসটিসি) একটি বিনা মূল্যের অনলাইন ক্যালকুলেটর কৃষকদের দেখিয়ে দিচ্ছে, সয়াবিন, ভুট্টা, গমসহ শস্য বয়ে নেওয়ার খরচ ধরলে কোন ক্রেতার কাছে বেচলে আসলে বেশি টাকা ঘরে আসে। খবরটি দিয়েছে মিশিগান এজি টুডে।
কোয়ালিশনের নির্বাহী পরিচালক মাইক স্টিনহোক বলেন, "কৃষককে শুধু প্রস্তাবিত দাম দেখলে চলবে না, বাজারে সয়াবিন বা অন্য পণ্য নিয়ে যাওয়ার খরচও মাথায় রাখতে হবে। কয়েকটি সহজ ধাপে এই ক্যালকুলেটর দেখায় কত টাকা পাওয়া যাবে, আর কত খরচ হবে।"
স্টিনহোকের উদাহরণে, খামার থেকে ১০ মাইল দূরের বাজার সয়াবিনের দাম দিচ্ছে বুশেলপ্রতি ১২ ডলার, আর ৫০ মাইল দূরের বাজার ১২.১৫ ডলার। ২০২৫ সালের অক্টোবরে ডিজেল যখন গ্যালনপ্রতি ৩.৭৫ ডলার, তখন দূরের বাজারই লাভজনক ছিল: প্রতি ট্রাকে ১০,৭৯২ ডলার, কাছের বাজারে ১০,৭৬৭.৪০ ডলার। কিন্তু ২০২৬ সালের অক্টোবরে ডিজেল ৬.৩০ ডলারে ওঠায়, বাকি সব হিসাব এক রেখেও ফল উল্টে গেছে। কাছের বাজারে প্রতি ট্রাকে আসে প্রায় ১০,৭৫৯ ডলার, দূরেরটিতে ১০,৭৫০ ডলার।
দুই পরিস্থিতিতে প্রতি ট্রাকে লাভের ব্যবধান বদলেছে ৩৩.৬০ ডলার। কোয়ালিশন বলছে, একই অবস্থায় মৌসুমে ১৫০ ট্রাক শস্য বিক্রি করা খামারের জন্য এই পার্থক্য দাঁড়ায় ৫,০৪০ ডলারে। তবে প্রকৃত হিসাব নির্ভর করবে প্রতিটি খামারের দাম, দূরত্ব, জ্বালানি খরচসহ অন্যান্য তথ্যের ওপর।
স্টিনহোক বলেন, শস্য কোথায় বেচবেন তা ঠিক করতে জ্বালানিই একমাত্র বিষয় নয়, তবে খরচ বদলালে এই হিসাব নতুন করে কষে নেওয়া জরুরি।
ছবি: Stephieaw / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: মিশিগান এজি টুডে




মন্তব্য
(০)