নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হবে আগামী ১৩ নভেম্বর। এর প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চিনিকলের বয়লার ফায়ারিং সম্পন্ন হয়েছে। এ মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ৫৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে কর্তৃপক্ষ।
চিনিকল সূত্র জানায়, এবার ৬৫ দিন মাড়াই চালানোর পরিকল্পনা রয়েছে। আখ থেকে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।
আখচাষিদের উৎসাহ দিতে সরকার এবার প্রতি কুইন্টাল আখের দাম গত মৌসুমের চেয়ে ২৬ টাকা বাড়িয়েছে। মিলগেটে প্রতি কুইন্টাল আখ কেনা হবে ৬৫১ টাকায়, আর আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে দাম ৬৩৭ টাকা ৪৬ পয়সা।
চিনিকল এলাকার ৭ হাজার ২৫০ একর জমিতে এবার আখের আবাদ হয়েছে। উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে উৎসাহ দিতে ৪ হাজার ৬৯ জন চাষিকে ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা প্রণোদনাও দিয়েছে সরকার।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিলের মধ্য দিয়ে বয়লার ফায়ারিং করা হয়। বয়লারের বাষ্পেই পুরো মৌসুমের মাড়াই চলবে। আনুষ্ঠানিক উৎপাদন শুরুর আগে মিলে ওয়াটার ট্রায়ালও সম্পন্ন করা হবে।
প্রতিবেদনটি এগ্রিকেয়ার২৪-এর নাটোর প্রতিনিধির।
ছবি: Shahnoor Habib Munmun / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0); নাটোর চিনিকল।
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)