ঝিনাইদহের মাঠে এখন আগাম শীতকালীন সবজির ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হচ্ছে, বাজারে আগাম সবজির চাহিদা ও দামও ভালো। তবে সার, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দামে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
জেলার বিভিন্ন মাঠে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, লাউ ও পুঁইশাকসহ নানা সবজির আবাদ হয়েছে। মৌসুম শুরুর আগে সবজি বাজারে তুলতে পারলে তুলনামূলক বেশি দাম মেলে, তাই আগাম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ঝিনাইদহে ৫ হাজার ৭৮৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে।
সদর উপজেলার হলিধানী গ্রামের কৃষক আকিদুল ইসলাম এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুরারিদহ মাঠের কৃষক জহির উদ্দিন জানান, ফলন আর দাম দুটোই এবার ভালো। কিন্তু উপকরণের দাম বাড়ায় খরচ অনেক বেড়েছে; উপকরণের দাম নিয়ন্ত্রণে থাকলে তাঁরা আরও লাভবান হতেন।
হলিধানী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ও সাগান্না ইউনিয়নের ফেরদৌস হায়দার জুয়েলের মতে, বাজারে চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্য পেলে বাড়তি খরচ মিটিয়েও কৃষকেরা লাভ করতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান বলেন, জেলার উঁচু জমি ও মাটি সবজি চাষের উপযোগী। আগাম সবজির আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
ছবি: NagaBazarRajshahi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)