যান্ত্রিক ত্রুটিতে ১৬ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার কারখানা, যমুনা সার কারখানা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে কারখানায় উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
কারখানা সূত্র জানায়, গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ৬ অক্টোবর গভীর রাতে কারখানাটি উৎপাদনে ফিরেছিল। কিন্তু ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন আবার বন্ধ হয়ে যায়। সেই সমস্যা সমাধানের পর শুক্রবার সকাল থেকে উৎপাদন চলছে।
বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানাটি প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করত। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৫ পিএসআই চাপের গ্যাস দরকার হয়, কিন্তু গ্যাসের চাপ কম থাকা ও নানা কারিগরি ত্রুটিতে উৎপাদন নেমে এসেছিল ১ হাজার ২০০ মেট্রিক টনে।
উৎপাদনে থাকলে কারখানাটি উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলে ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার সরবরাহ করে।
প্রতিবেদনটি ইত্তেফাক ডিজিটালের।
ছবি: Mar11 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0); নরসিংদীর পলাশে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের প্রসেস প্লান্ট, যমুনা সার কারখানার নয়।
সূত্র: ইত্তেফাক





মন্তব্য
(০)