চেনা ছোলার ডাল বা আলুর দমের বদলে লুচি কিংবা ভাতের সঙ্গে রাখতে পারেন নিরামিষ মৌরি-পটল। পেঁয়াজ ও রসুন ছাড়াই রান্না হয় পদটি; মৌরির সুবাস আর কাঁচা মরিচের ঝালে পটলের স্বাদ জমে ওঠে। কলকাতার দৈনিক এই সময়-এর রেসিপি অনুযায়ী রান্নার ধাপগুলো এমন।
লাগবে পটল, লবণ, হলুদ, সরিষার তেল, মৌরি, ঘি, গোটা গরমমসলা, আদা বাটা, একটি মাঝারি টমেটোর পেস্ট, জিরা ও ধনে গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, ফেটানো টক দই, দুই টেবিল চামচ কাজুবাদাম ও পোস্ত বাটা, চিনি, চেরা কাঁচা মরিচ এবং শেষে এক চা চামচ গাওয়া ঘি।
পটলের খোসা সামান্য রেখে ছাড়িয়ে দুই প্রান্ত হালকা চিরে দিন, যাতে মসলা ভেতরে ঢোকে। লবণ-হলুদ মাখিয়ে সরিষার তেলে লালচে করে ভেজে তুলে রাখুন। মৌরি শুকনো কড়াইয়ে সামান্য সেঁকে আধভাঙা গুঁড়া করুন; অর্ধেক রান্নায় যাবে, অর্ধেক শেষে ছড়ানোর জন্য।
ওই তেলে সামান্য ঘি দিয়ে গোটা গরমমসলা ও কিছু গোটা মৌরি ফোড়ন দিন। গন্ধ বেরোলে আদা বাটা, টমেটো পেস্ট, হলুদ, জিরা ও ধনে গুঁড়া এবং কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে মাঝারি আঁচে কষান। মসলা থেকে তেল ছাড়লে ফেটানো দই ও কাজু-পোস্ত বাটা দিয়ে কম আঁচে নাড়তে থাকুন।
এবার ভাজা পটল দিয়ে স্বাদমতো লবণ, চিনি ও চেরা কাঁচা মরিচ দিন। সামান্য কুসুম গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট ফোটান, যাতে গ্রেভি পটলের ভেতরে ঢোকে।
গ্রেভি মাখোমাখো হলে ওপর থেকে সেঁকা মৌরির গুঁড়া আর এক চা চামচ গাওয়া ঘি ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে চুলা বন্ধ করুন, দুই মিনিট ঢেকে রাখুন। গরম লুচি, পরোটা বা ঝরঝরে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপি: অঙ্কিতা দাশ, এই সময়
ছবি: Engr.Raju / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0); পটল
সূত্র: এই সময়





মন্তব্য
(০)