নীলফামারীর ডিমলা উপজেলায় এবার ২০৩ হেক্টর জমিতে আগাম ফুলকপি, বাঁধাকপিসহ শীতের সবজি চাষ হয়েছে। খেতে পানি দেওয়া আর পরিচর্যায় এখন ব্যস্ত চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত ফলন ভালো দেখা যাচ্ছে।
বীজ বোনার ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে এই সবজি বাজারে তোলা যায়। স্বল্প সময়ে বেশি মুনাফার আশায় প্রতিবছরই স্থানীয় কৃষকেরা আগাম কপি চাষ করেন। অনেক এলাকায় ইতিমধ্যে আগাম ফুলকপি ও বাঁধাকপি তুলে বাজারে বিক্রি শুরু হয়েছে, দামও ভালো মিলছে বলে জানান চাষিরা।
তবে এবার সার, বীজ ও শ্রমিকসহ সবকিছুর দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। চাষিদের আশা, বাজার ভালো থাকলে খরচ তুলেও লাভ থাকবে।
ডিমলার আগাম সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকে করে ঢাকাসহ দেশের বড় হাটবাজারে যাচ্ছে। পাইকারেরা অনেক সময় খেত থেকেই নগদ টাকায় সবজি কিনে নেন, ফলে বিক্রি নিয়ে ঝামেলায় পড়তে হয় না চাষিদের।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের কৃষক আবু তালেব, আরমান আলী ও স্বপন মিয়া জানান, আগাম সবজির ভালো দামের আশায় তাঁরা এখন চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, এ মৌসুমে বাজারে ভালো চাহিদা ও দামের প্রত্যাশায় কৃষকেরা আগাম সবজি চাষে ঝুঁকছেন। চাষিরা যাতে লাভবান হন, সে জন্য মাঠে উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা কাজ করছেন।
প্রতিবেদনটি কৃষি সময়ের নীলফামারী সংবাদদাতার।
ছবি: Buddy431 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0); ফুল ধরতে শুরু করা একটি ফুলকপির গাছ।
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)