রবি ২০২৬-২৭ মৌসুমে বগুড়া অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে কর্মপরিকল্পনা ঠিক করতে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বগুড়া অঞ্চল ১৭ অক্টোবর সকালে বনানীর হর্টিকালচার সেন্টারে সভাটির আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন ডিএই বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, সভাপতিত্ব করেন উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত লাগসই প্রযুক্তি, কার্যক্রম এবং বিগত মৌসুমের ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ও অর্জন তুলে ধরা হয়।
সিদ্ধান্তের তালিকায় আছে মাটির স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষার ভিত্তিতে সার সুপারিশ, ভেজাল সার শনাক্ত করা, বগুড়ায় জৈব সার পরীক্ষাগার স্থাপন এবং খামারি অ্যাপের ব্যবহার। রাসায়নিক সার ও বীজের মজুত-সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার তদারকি এবং ন্যায্যমূল্য ও মান রক্ষায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথাও বলা হয়েছে।
মসলার পারিবারিক চাহিদা মেটাতে ও আমদানিনির্ভরতা কমাতে মসলার আধুনিক উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ করা হবে। আবহাওয়া বিবেচনায় ধানের ক্ষেত্রে ব্রি ধান১০০ ও তার পরের জাতগুলোর ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
রবি মৌসুমে প্রধান ফসলের আবাদ লক্ষ্যমাত্রা, বীজের চাহিদা এবং উৎসভিত্তিক সম্ভাব্য প্রাপ্তি নিয়েও আলোচনা হয়। সাফল্যের গল্প ও প্রামাণ্যচিত্র গণমাধ্যমে প্রচার এবং কৃষিকথা ম্যাগাজিনে নিয়মিত লেখা পাঠানোর মাধ্যমে উদ্ভাবনী কার্যক্রম কৃষকের কাছে পৌঁছানোর কথা বলা হয়।
সভায় ডিএইর জেলা ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তা, বিএডিসি, তুলা উন্নয়ন বোর্ড, ব্রি, বিনা, বিজেআরআই, বিএসআরআই, এসআরডিআই, মসলা গবেষণা কেন্দ্র, আঞ্চলিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, বারটান, সিড অ্যাসোসিয়েশন, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি: Syed Touhid Hassan / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0); বগুড়ার ফসলের মাঠ
সূত্র: এগ্রিনিউজবিডি





মন্তব্য
(০)