দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের বুনো আলুর গুণ কাজে লাগিয়ে পূর্ব আফ্রিকার কৃষকদের জন্য নতুন বাণিজ্যিক আলুর জাত তৈরিতে কেনিয়ায় বোল্ড (BOLD) প্রকল্পের নতুন পর্ব শুরু করেছে আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি) ও ক্রপ ট্রাস্ট (Crop Trust)। লক্ষ্য এমন একটি আলু, যা রোগ প্রতিরোধ করবে, গরম ও অনিয়মিত বৃষ্টি সইবে, অথচ কৃষক ও বাজারের চাওয়া ফলন ও মান ধরে রাখবে।
সিআইপি জানায়, কেনিয়ায় ভুট্টার পরেই আলু দ্বিতীয় প্রধান খাদ্যফসল; এর সঙ্গে ৩৩ লাখ কর্মসংস্থান জড়িত, আর দেশের অর্থনীতিতে বছরে প্রায় ৩২ কোটি ৪০ লাখ ডলার যোগ হয়। কিন্তু আলু চাষ ক্রমেই কঠিন হচ্ছে। আয়ারল্যান্ডের দুর্ভিক্ষের কারণ সেই লেট ব্লাইট রোগ এখনো বিশ্বে আলুর ফলনের প্রায় এক-তৃতীয়াংশ নষ্ট করে। আলুর সিস্ট নেমাটোড (কৃমি) ফলন ৮০ শতাংশ পর্যন্ত কমাতে পারে; শুধু কেনিয়াতেই এতে বছরে ক্ষতি ১২ কোটি ৭০ লাখ ডলারের বেশি।
আগের পর্বের কাজের ধারাবাহিকতায় বুনো আলুর গুণ বহনকারী ৫৪টি সম্ভাবনাময় প্রজনন সারি এবার ধাপে ধাপে প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। লক্ষ্য লেট ব্লাইট ও সিস্ট নেমাটোড প্রতিরোধ এবং তাপ সহনশীলতা। একাধিক জায়গায় পরীক্ষা, জিনোমিক প্রযুক্তি আর কৃষকের নিজের মূল্যায়ন দিয়ে ভিন্ন ভিন্ন পরিবেশের জন্য সেরা সারি বাছাই করা হবে। মাঠ পরীক্ষা ও প্রদর্শনীতে অংশ নেবেন ৫০০ থেকে ১,০০০ কৃষক, যাঁদের অর্ধেকের বেশি নারী।
সিআইপিতে বোল্ডের প্রধান গবেষক ড. থিয়াগো মেন্দেস বলেন, তাঁরা এমন আলু খুঁজছেন, যা কঠিন পরিবেশে টিকে থাকবে এবং কৃষকেরা সত্যিই চাষ করতে চাইবেন। ক্রপ ট্রাস্টের বোল্ড প্রকল্প সমন্বয়ক ড. বেঞ্জামিন কিলিয়ান বলেন, পরিবেশ বদলালে কৃষির যে বিকল্প লাগতে পারে, তা আছে বুনো জাতের মধ্যে; প্রকল্পটি সেই বৈচিত্র্য জিন ব্যাংক থেকে প্রজনন কর্মসূচি হয়ে কৃষকের মাঠে নিয়ে যাচ্ছে।
অংশীদারেরা বলছেন, জাত উদ্ভাবন অর্ধেক কাজ; সেই জাতের বীজ কৃষকের হাতে না পৌঁছালে কোনো লাভ নেই। প্রজনন ও জাত এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেবে কেনিয়া কৃষি ও প্রাণিসম্পদ গবেষণা সংস্থা (কালরো)। নাকুরু কাউন্টির মোলোতে কৃষি উন্নয়ন করপোরেশনের বীজ আলু কেন্দ্রকে প্রাথমিক প্রজন্মের বীজের কেন্দ্রীয় হাব হিসেবে গড়া হবে, যুক্ত থাকবেন বীজ উৎপাদনকারী ও তরুণদের উদ্যোগ। লক্ষ্য কেনিয়ায় অন্তত একটি উন্নত জাত অবমুক্ত করা; পূর্ব আফ্রিকান পটেটো ব্রিডিং নেটওয়ার্কের মাধ্যমে এই উপকরণ ইথিওপিয়া, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়াসহ আফ্রিকার অন্য দেশের প্রজননবিদদেরও দেওয়া হবে।
এই পদ্ধতি আগেও কাজ দিয়েছে। বুনো আলুর বৈচিত্র্য নিয়ে ক্রপ ট্রাস্ট ও সিআইপির আগের কাজ থেকে পেরুতে লেট ব্লাইট প্রতিরোধী দুটি জাত, সিআইপি-মাতিলদে ও সিআইপি-আসিরিক, অবমুক্ত হয়েছে, যা এখন সেখানকার কৃষকেরা চাষ করছেন। বোল্ড ক্রপ ট্রাস্টের ১০ বছরের প্রকল্প, অর্থায়ন করছে নরওয়ে সরকার।
ছবি: Steve Mwongera / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: International Potato Center





মন্তব্য
(০)