কক্সবাজারের রামু উপজেলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬ শুরু হয়েছে। রামু উপজেলা কৃষি অফিস চত্বরে ১৪ অক্টোবর শুরু হওয়া তিন দিনের এই মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের (প্রো-অ্যাক্ট বাংলাদেশ) আওতায় মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লক্ষ্য, কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহ দেওয়া এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি।
মেলার স্টলগুলোতে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত কৃষি প্রযুক্তি ও পুষ্টি ব্যবস্থাপনার তথ্য তুলে ধরা হচ্ছে। বসতবাড়িতে পুষ্টিবাগান, বৈচিত্র্যময় খাবার এবং জলবায়ুসহনশীল কৃষিচর্চার ওপরও জোর দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক তপন কুমার রায়, মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার, রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান, পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, রামু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ শুভ এবং কৃষি তথ্য সার্ভিস কক্সবাজারের কর্মকর্তা মো. লোকমান হাকিম। প্রকল্পের উপকারভোগী কৃষক-কৃষাণী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে যুক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করা সম্ভব।
ছবি: Press Information Department / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: এগ্রিকেয়ার২৪




মন্তব্য
(০)