ইউরোপীয় ইউনিয়নের ২৪টি সদস্য দেশে এখন কীটনাশক ও জৈব কীটনাশকের খালি পাত্র সংগ্রহের ব্যবস্থা চালু আছে, আরও দুটি দেশে তৈরি হচ্ছে। শক্ত প্লাস্টিকের পাত্র সংগ্রহের হার বেড়ে ৭১ শতাংশে দাঁড়িয়েছে। শিল্প সংগঠন ক্রপলাইফ ইউরোপের (CropLife Europe) এই তথ্য প্রকাশ করেছে গ্লোবাল এগ্রিকালচার।
২০২০ সালে সংগঠনটি যখন ২০৩০ সালের অঙ্গীকার ঘোষণা করে, তখন ১৯টি দেশে এমন ব্যবস্থা ছিল এবং শিল্পের প্রধান মোড়ক শক্ত প্লাস্টিকের পাত্রের ৬৫ শতাংশ সংগ্রহ হতো। লক্ষ্য হলো যোগ্য পাত্রের ৭৫ শতাংশ সংগ্রহ করা।
পুনর্ব্যবহারও সমান তালে বেড়েছে। ২০২৫ সালে এসব ব্যবস্থায় সংগৃহীত প্লাস্টিকের ৯২ শতাংশের বেশি নিরাপদ ও নিয়ন্ত্রিত পুনর্ব্যবহারে পাঠানো হয়েছে। পুনর্ব্যবহারে পাঠানো প্লাস্টিকের পরিমাণ ২০২০ সালের প্রায় ১৬,২০০ টন থেকে ২০২৫ সালে ২১,৭৫০ টনের বেশি হয়েছে, পাঁচ বছরে ৩৪ শতাংশ বৃদ্ধি।
ক্রপলাইফ ইউরোপের ভাষ্য, সংগ্রহ অবকাঠামো ও সচেতনতা কর্মসূচিতে ধারাবাহিক বিনিয়োগের ফলে আরও বেশি কৃষক সহজে খালি পাত্র ফেরত দিতে পারছেন, আর দেশভিত্তিক উদ্যোগগুলো ক্রমে একটি সংযুক্ত ইউরোপীয় নেটওয়ার্কে পরিণত হচ্ছে।
সংগঠনটি বলছে, পরের অগ্রাধিকার হলো পুনর্ব্যবহারের মান বাড়ানো এবং ইইউর প্যাকেজিং ও প্যাকেজিং বর্জ্য বিধিমালার (পিপিডব্লিউআর) উচ্চমানের পুনর্ব্যবহারের শর্তের জন্য নেটওয়ার্ককে প্রস্তুত করা। এর মধ্যে আছে ক্লোজড-লুপ পুনর্ব্যবহার, যাতে উদ্ধার করা প্লাস্টিক পাইপ বা বৈদ্যুতিক কনডুইটের মতো পণ্যে না গিয়ে আবার নতুন পাত্রে ফেরে।
ছবি: John Messina / উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: গ্লোবাল এগ্রিকালচার





মন্তব্য
(০)